ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা, দুবাই প্রবাসী বিশিষ্ট দানবীর আলহাজ শেখ মুহাম্মদ আবদুল্লাহর উদ্যোগে ১০নং লক্ষ্মীপুর ও বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গরিব, দুস্থ ও অসহায় ৫০০ পরিবারের মাঝে উন্নতমানের শাড়ি, লুঙ্গি ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদসামগ্রী বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।
এ সময় তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দেওয়া। এটি সরকারের অনুকম্পা নয়, বরং জনগণের ন্যায্য অধিকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও গণমানুষের এই মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। ক্ষুধার জ্বালায় মানুষ আজও আত্মহত্যার মতো জঘন্য কাজ করতে বাধ্য হয়। পোশাকের অভাবে লজ্জা ঢাকতে মা তাঁর কোলের সন্তান বিক্রি করে দেওয়ার খবরও গণমাধ্যমে দেখতে হয়। চিকিৎসার অভাবে মানুষ ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করছে। এখনও মানুষের ভোট ও ভাতের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।
তিনি সরকারের পাশাপাশি শেখ মুহাম্মদ আবদুল্লাহর মতো সমাজের বিত্তবানদের গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা নেতা ডা. হারুন অর-রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১২ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur