ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ব্যবহৃত সরঞ্জাম বহনকারী গাড়ির চালকরা বরাদ্দ বৃদ্ধি দাবিতে বিক্ষোভ করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সামনে শত শত চালক ঘণ্টাব্যাপী এই আন্দোলন করেন।
চালকদের দাবি ছিল, নির্বাচন উপলক্ষে টানা চার দিন কাজের বিপরীতে মাত্র ১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে, যা অযৌক্তিক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো গাড়ি কেন্দ্রে পাঠানো হয়নি বলেও জানান তারা। এতে নির্ধারিত সময়ে বিভিন্ন কেন্দ্রে গাড়ি পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়।
চালক সৌকিম চৌধুরী বলেন, নির্বাচন উপলক্ষে আমরা চার দিন কষ্ট করবো, অথচ আমাদের দেওয়া হবে মাত্র এক হাজার টাকা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের সংসার আছে, সন্তান আছে। এ বরাদ্দে চলা সম্ভব নয়।
আরেক চালক মাসুদ হোসেন বলেন, আমাদের প্রাথমিক দাবি ছিল ন্যূনতম ৩ হাজার টাকা। পরে সবার সিদ্ধান্তে চার দিনে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকায় সম্মত হয়েছি। এখন যা বাড়ানো হয়েছে, তাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। তবে ভবিষ্যতে ন্যায্য পারিশ্রমিক না পেলে আমরা আর কাজ করবো না।
আন্দোলনের মুখে পড়ে বরাদ্দ ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা। তিনি বলেন, চালকদের দাবি বিবেচনায় নিয়ে চার দিনের জন্য ২ হাজার টাকা দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসারের কাছে চালকদের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। বিদ্যমান বরাদ্দের মধ্য থেকেই এ অর্থ প্রদান করা হয়েছে। নির্বাচন শেষে প্রয়োজন হলে নতুন করে বরাদ্দের বিষয়টি বিবেচনা করা হবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম,
১১ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur