Home / চাঁদপুর / চাঁদপুরে নির্বাচনকালীন সমাবেশ : ৯ হাজার আনসার সদস্য মোতায়েন
নির্বাচনকালীন

চাঁদপুরে নির্বাচনকালীন সমাবেশ : ৯ হাজার আনসার সদস্য মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির কুমিল্লা রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান। 

জেলা আনসার ও ভিডিপি কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর জেলার মোট ৭০৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ৯ হাজার ১৭৮ জন আনসার সদস্য মোতায়েন করা হবে। প্রতি কেন্দ্রে মোট ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন করে অস্ত্রধারী সদস্য থাকবেন।

রেঞ্জ কমান্ডার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে একজন সদস্য প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, জালভোট প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলাই আনসার সদস্যদের মূল দায়িত্ব বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এবার দীর্ঘ যাচাই-বাছাই শেষে ডিজিটাল অ্যাফস পদ্ধতির মাধ্যমে আনসার সদস্যদের নির্বাচন করা হয়েছে এবং প্রথমবারের মতো সদস্যদের ডিজিটাল তথ্য ডাটা ব্যাজে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সফটওয়্যারভিত্তিক ব্যবস্থার মাধ্যমে কোনো কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাপসের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার সুযোগ থাকবে।

তিনি জানান, দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা আগামী ৮ দিনের জন্য প্রতিদিন এক হাজার টাকা করে সম্মানী পাবেন। যাতায়াত ভাতাসহ সব অর্থ সরাসরি সদস্যদের নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে প্রদান করা হবে এবং কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। সমাবেশে নির্বাচনকালীন সময়ে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রস্তুতি প্রদান করা হয়। বক্তব্য শেষে কুমিল্লা রেঞ্জ কমান্ডার সমাবেশস্থল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডার মু. ফজলে রাব্বি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিবেদক: শরীফুল ইসলাম
৭ ফেব্রুযারি ২০২৬