চাঁদপুরে নষ্ট-পঁচা খেজুরে তেল মিশিয়ে বিদেশি ব্রান্ডের নকল প্যাকেটে বিক্রি

পবিত্র রমজানকে সামনে রেখে চাঁদপুরে একটি অসাধু ব্যবসায়ী চক্র নষ্ট-পাঁচা ও পুরোনো খেজুরে তেল মিশিয়ে এবং অনুমোদ বিনহীন বিদেশি ব্রান্ডের নকল মোড়কে প্যাকেটজাত করে পাইকারি বাজারে বিক্রি করছে। এমন একটি অসাধু ব্যবসায়ী চক্রকে চিহ্নিত করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়।

১৬ ফেব্রুয়ারি সোমবার দুপুরে চাঁদপুর শহরের পুরাণবাজার অভিযান চালিয়ে এমন অপরাধের সন্ধান পাওয়া যায়।

এই অপরাধে মেসার্স কার্তিক সাহা স্টোরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসাথে জব্দকৃত নষ্ট-পঁচা খেজুর এবং অনুমোদন ব্যতীত বিদেশি ব্রান্ডের প্যাকেট প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার পুরানবাজারের আড়ত পট্রি, আমপট্রি, মসজিদ পট্রি, বাতাসা পট্রি ও ডাল পট্টি এলাকায় অভিযান পরিলনা করা হয়।

এসময় পুরোনো খেজুরে তেল মিশিয়ে বিক্রি এবং অনুমোদন বিহীন বিভিন্ন বিদেশি ব্রান্ডের মোড়কে প্যাকেটজাত করে খেজুর বিক্রির অপরাধে কার্তিক সাহা স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।তিনি আরো জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। 

প্রতিবেদক: আশিক বিন রহিম
১৬ ফেব্রুয়ারি ২০২৬