চাঁদপুরে ধানের শীষে ভোট চেয়ে পৌর ছাত্রদলের বিশাল নির্বাচনী মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে চাঁদপুর শহরে ছাত্রদলের বিশাল মিছিল বের করা হয়েছে।

৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল এই মিছিলের নেতৃত্ব দেন চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বারেক ভূঁইয়া ও জেলা ছাত্রদল নেতা সবুজ ভূঁইয়া। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি সমর্থন জানিয়ে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মিছিলে ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

ছাত্র নেতারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে চাঁদপুর-৩ আসনে ধানের শীষের পক্ষে শক্ত জনসমর্থন গড়ে উঠেছে। আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিছিল ঘিরে শহরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

এসময় পৌর ছাত্রদল এবং ওয়ার্ড ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম
৯ ফেব্রুয়ারি ২০২৬