চাঁদপুর দলিল লেখক সমিতি ও দলিল ভেন্ডরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) রাতে শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনের হলরুমে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, দলিল লেখক ও ভেন্ডররা সাধারণ মানুষের সাথে সরাসরি সম্পৃক্ত। তাই জনগণের হয়রানি কমিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধি করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভা শেষে চাঁদপুর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, চাঁদপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও চট্টগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ খোরশেদ আলম বাবুল, চাঁদপুর সদর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ শাহাজান মিয়া, সাধারণ সম্পাদক মোরশেদ আলম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মিয়াসহ চাঁদপুর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ এবং দলিল ভেন্ডরবৃন্দ।
স্টাফ রিপোর্টার/ ১৩ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur