Home / চাঁদপুর / চাঁদপুরে জামায়াতের ৪নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার
জামায়াতের

চাঁদপুরে জামায়াতের ৪নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর চাঁদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিকেলে চাঁদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের আব্দুল গফুর মিয়াজী বাড়ির কাচারী ঘরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহ তায়ালা যা থেকে নিষেধ করেছেন আমরা সেগুলো থেকে বিরত থাকবো এবং যা আদেশ করেছেন তা যথাযথভাবে পালন করবো। রমজান আমাদের আত্মশুদ্ধির মাস—এই মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজকে কল্যাণমুখী পথে পরিচালিত করতে হবে। সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করা প্রতিটি মুমিনের দায়িত্ব।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করতে হবে। অসহায়-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এ মাসে বেশি বেশি ইবাদত, কোরআন তিলাওয়াত ও দান-সদকার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড সভাপতি হাফেজ মাওলানা মোঃ কাউসার মিয়াজী। তিনি আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমাজের কল্যাণ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের সহ-সভাপতি ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল বাতেন মিয়াজী,বিল্লাল হোসেন মাঝি, ইউনিট সভাপতি মোঃ রাকিব মিয়াজী, চাঁদপুর পৌরসভার ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, ইউনিট সহ সভাপতি রাকিবুল হাসান,রাসেল, সাজিদ, সোহেল, আকবর মিয়াজী, সোহাগ,শ্রমিক নেতা ফজলে রাব্বি, আরিফ শেখ সহ ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা।

প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া
১ মার্চ ২০২৬