চাঁদপুরে ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি বাইতুল আমিন চত্বরে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর শহর সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক শহর সভাপতি মো. জুবায়ের হুসাইন, সাইফুল ইসলাম সবুজ খান, সুলতান মাহমুদ, সাবেক জেলা সভাপতি আকরাম হোসাইন এবং সাবেক শহর সেক্রেটারি আব্দুল হাই লাভলু।
বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা নির্যাতন, নিপীড়ন ও জুলুমের শিকার হয়েছে। দীর্ঘদিন কারাবন্দি থাকার পরও সংগঠনটিকে ‘গুপ্ত সংগঠন’ আখ্যা দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তারা দাবি করেন, ইসলামী ছাত্রশিবির কখনোই গুপ্ত সংগঠন ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না।
সমাবেশে বক্তারা বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঐতিহাসিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে ইসলামী আদর্শে অনুপ্রাণিত একদল তরুণ ছাত্রের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি, সকল শহীদ, জুলাইয়ের শহীদ, শরিফ ওসমান বিন হাদি এবং গুম হওয়া নেতাকর্মীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা বলেন, তারা একটি দাসত্বমুক্ত ও স্বনির্ভরশীল বাংলাদেশ দেখতে চান। দেশের এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী তরুণ উল্লেখ করে তারা বলেন, তরুণদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারলে বাংলাদেশ বদলে যাবে। তারা ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও যুববান্ধব রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
সমাবেশ থেকে দুর্নীতি, হত্যা, গুম, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষাব্যবস্থার আমূল সংস্কার করে কর্মমুখী ও নৈতিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও আগামীর নতুন বাংলাদেশ গড়তে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধনের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণমাধ্যমকে দল-মতের ঊর্ধ্বে থেকে সত্য ও ন্যায়ের পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর পৌর ও শহর শাখার নেতাকর্মীসহ সহস্রাধিক কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁদপুর শহর শাখার সেক্রেটারি নাজমুস সাকলাইন।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৬ ফেব্রুয়ারি ২০২৬