চাঁদপুর সদর উপজেলার বাগাদি- নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি কুমিল্লার আয়োজনে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ৯ টায় বাগাদী- নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ নুরুল আমিন খান আকাশ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ,জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাজী লোকমান পাবলিক স্কুলের উপাধ্যক্ষ ইয়াসমিন আক্তার ও সহকারী শিক্ষিকা লাকি আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুফতি মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আরজু আহমেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নানুপুর মুন্সিবাড়ি জামে মসজিদের খতিব মোহাম্মদ শহিদুল ইসলাম, চাঁদপুর শহরের পীর বাদশা মিয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ বাবুল গাজী, যুবদল নেতা মোঃ জিন্নাহসহ অনেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাড. নুরুল আমিন খান আকাশ বলেন, মানুষের কল্যাণে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা সবসময় দোয়া করবেন ক্লিন চাঁদপুর নামে যে সংগঠনটি আমি করেছি এর দ্বারা চাঁদপুর শহরসহ বাংলাদেশের আনাচে কানাচে সরিয়ে দিতে পারি, সেজন্য দোয়া করবেন। আজকের চক্ষু চিকিৎসা শিবিরে শত শত রোগী দেখে মনে হচ্ছে সত্যিই একটি মানব সেবা রোকনুজ্জামান রোকন ভাই করেছেন, আমি তার সাফল্য কামনা করছি। আমিও নিজে ভালো কাজ করে আমি সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সহ পত্রিকায় দেখি আজ সত্যিই এত বড় একটি অনুষ্ঠানে আসতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ক্লিন চাঁদপুর দিয়ে সকলের কাছে মানব সেবার যে একটি দৃষ্টান্ত আমরা রেখে যাচ্ছি শুধু আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই যেন ভাল কাজ গুলি করে যেতে পারি।
তিনি বলেন, আমরা শহরের এবং গ্রামেরও বিভিন্ন জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন ধরনের মানুষের সমস্যার সমাধানের জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের যেকোনো সেবায় আমার কাছে আসলে আমি আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এই খুব খুশির ভিড়ে যারা চোখের অপারেশন করতে আসছেন তাদের অপারেশন সাফল্যমন্ডিত হোক এবং সফলভাবে সমাপ্ত হোক এই দোয়া করি। অসুস্থ মানুষের দোয়া কবুল হয় আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বেশিরভাগই বয়স্ক আমার মা-বাবার মতো। আমার মা-বাবার সহ সকল মা-বাবার জন্য দোয়া করবেন। তিনি বলেন, রোকন ভাই মানুষের কল্যাণে যেভাবে কাজ করে আমরা সবাই যদি এভাবে গ্রাম-গঞ্জে মানব সেবায় কাজ করে যেতে পারি। তাহলে এই দেশে আর কোন সমস্যা থাকবে না ইনশাল্লাহ। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদের সবার শুরুতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁদপুরজমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন। সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর জেলা খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা হেফাজতে ইসলামের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুফতি মোঃ শফিকুল ইসলাম।
চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ১ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক
৭ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur