চাঁদপুরের নতুন বাজার এলাকায় কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) হঠাৎ পরিদর্শন করে বিভিন্ন অনিয়মের চিত্র পেয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তিনি দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় খাদ্য গুদামে অনিয়মের খোঁজে আকস্মিকভাবে উপস্থিত হন। এ সময় গুদামের ভেতরে অসংখ্য খালি বস্তা পড়ে থাকতে দেখা যায়, যা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
পরিদর্শনকালে গুদামের চাবি ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এমপি মানিক। তিনি জানতে চান, কেন লেবার সর্দারের কাছেও গুদামের চাবি রাখা হয়েছে এবং কীভাবে চাবি যত্রতত্র ব্যবহার হচ্ছে। বিষয়টি দায়িত্বে অবহেলা ও অনিয়মের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।
এমপি মানিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় এনে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, সরকারি খাদ্য গুদামে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এখানকার নিয়মনীতি পরিবর্তন করা দরকার। এখানকার কর্মকর্তা-কর্মচারীদের আরো সজাগ থাকবে হবে। আমি এখন এসেছি, আবার যে কোন সময় আসতে পারি। যারা অনিয়ম করে তাদের সতর্ক করে দিন। জনগণের সম্পদ রক্ষায়, আমার যা করার প্রয়োজন, আমি তাই করবো।
এ সময় জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রহমান খানসহ খাদ্য গুদামের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম,
২৩ ফেব্রুযারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur