চাঁদপুরে ক্ষতিকর রঙ-নকল প্যাকেটে আইসক্রিম তৈরির অপরাধে অর্থদণ্ড
চাঁদপুরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে নকল আইসক্রিম উৎপাদনের অপরাধে অর্থদন্ড একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। রোববার (১০ মে) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে এই জরিমানা করা হয়।
জরিমানার আদেশ দেন চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল ইমরান। তিনি জানান, রোববার চাঁদপুর শহরের বিপণীবাগ ও মমিন পাড়া এলাকায় ফ্রেস কো আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো করা হয়। এসময় ক্ষতিকর রং, অন্যের প্যাকেট ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম তৈরির অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মো. আব্দুল্লাহ আল ইমরান আরো জানান, অভিযানকালে ক্ষতিকর রং মেশানো ও তারিখবিহীন আইসক্রিম ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মো. জসিম উদ্দিন ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে মনিটরিং, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
=>আশিক বিন রহিম/ ১০ মে ২০২৬