চাঁদপুরে কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুর সদর-এর আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে ১০টি ধান কাটার যন্ত্র ও ৬টি কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিকাজকে আরও সহজ ও সময়োপযোগী করার লক্ষ্যে এসব যন্ত্রপাতি প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁদপুরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সাইফুল হাসান আল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন রায় এবং উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান কৃষিকে টেকসই ও লাভজনক করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে শ্রম ও সময় সাশ্রয়ের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবেও লাভবান হবেন।
এসময় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
–শরীফুল ইসলাম/ ১৮ মে ২০২৬