চাঁদপুরে কালবৈশাখীর তাণ্ডব- লঞ্চের সংঘর্ষে আহত ১০, শহরজুড়ে বিদ্যুৎ বিপর্যয়, বৃদ্ধ নিহত

চাঁদপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে শহরের বিভিন্ন স্থানে বড় বড় গাছ ও ডালপালা ভেঙে সড়কের ওপর পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে কয়েক ঘণ্টা শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে দেখা যায়।
এদিকে ঝড়ে গাছ পড়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় মোঃ হেলাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ঝড়ের কবলে পড়ে চরম দুর্ভোগে পড়েছেন ঢাকা-চাঁদপুর নৌপথের যাত্রীরা। ঝড়ের তাণ্ডবে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা একাধিক লঞ্চ ও পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় ঘাটে ভিড়তে গিয়ে দুই লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া, ঝড়ের কারণে কয়েক ঘণ্টা ধরে ঘাটে ও লঞ্চে আটকা পড়ে থাকেন হাজারো যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রবল বাতাস ও উত্তাল নদীর মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চগুলো ঘাটে ভিড়তে গিয়ে বিপাকে পড়েন। এ সময় যাত্রীবাহী ‘ঈগল-৭’ লঞ্চে থাকা যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখনই আরেক যাত্রীবাহী লঞ্চ ‘ময়ূর-২’ নিয়ন্ত্রণ হারিয়ে ঈগল-৭ লঞ্চটিকে ধাক্কা দেয়।

জানা যায়, সোমবার (২৫ মে ) দুপুর ২টার দিকে ঝড়ের কারণে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় একের পর এক গাছ ভেঙে পড়ে। শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কোণের একটি বিশাল রেইন্ট্রি (কড়ই) গাছ উপড়ে পড়ে যায়। এছাড়া মিশন রোডে মিশন স্কুল সংলগ্ন খ্রিস্টান সম্প্রদায়ের দেয়ালের ভেতরের একটি বড় রেইন্ট্রি গাছও ভেঙে পড়ে। শহরের আরও বিভিন্ন এলাকায় বড় বড় ডালপালা সড়কের ওপর পড়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
এদিকে ঝড়ের চান্দ্রা চৌরাস্তায় এলাকায় প্রবল ঝড়ের সময় একটি বড় গাছ ভেঙে চলন্ত সিএনজির ওপর পড়ে। এতে গুরুতর আহত হন হেলাল হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় শহরের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এতে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটি ও সংযোগ লাইনেরও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

খবর পেয়ে প্রবল বৃষ্টি উপেক্ষা করে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “ক্লিন চাঁদপুর”-এর প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে সংগঠনের সদস্যরা শহরের হাসান আলী মাঠের কাছে ছুটে যান। তারা দ্রুত ভেঙে পড়া গাছ ও ডালপালা কেটে সড়ক থেকে গাছটি অপসারণ করেন। এতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, ঝুঁকিপূর্ণ পুরোনো গাছগুলো দ্রুত ছাঁটাই বা অপসারণ না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/ ২৬ মে ২০২৬