দেশের অন্যতম বৃহৎ ইলিশের আড়ত চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে গত এক সপ্তাহেও বাড়েনি ইলিশের সরবরাহ। শুক্রবার (৮ মে) সাপ্তাহিক ছুটির দিনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ক্রেতারা ঘাটে ভিড় করলেও কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন।
ব্যবসায়ীরা ও ক্রেতারা জানান, নদীতে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে দামে। সরবরাহ সংকটের কারণে বর্তমানে ইলিশের দাম প্রায় তিনগুণ পর্যন্ত বেড়ে গেছে। ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে জনপ্রিয় এই মাছ।
মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, বর্তমানে মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার টাকায়। আর এক কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়। দাম বেশি হওয়ায় অনেক ক্রেতা মাছের দরদাম শুনেই ফিরে যাচ্ছেন।
আরেক ব্যবসায়ী ইকবাল নাহিদ হাসান জানান, নদীতে মাছ কম ধরা পড়ার কারণে এই সংকট তৈরি হয়েছে। জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পাওয়ায় ঘাটে সরবরাহ বাড়ছে না। তারা আরও জানান, নদীতে ইলিশ ধরা বাড়লে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে এবং তখন দামও কিছুটা কমতে পারে।
ঢাকা থেকে আসা পারভেজ ও মনির জানান, শুক্রবার থাকায় লঞ্চে করে চাঁদপুরে ঘুরতে এসেছি। মাছঘাটে এসেছি যাওয়ার সময় কিছু ইলিশ কিনে নিয়ে যাবো কিন্তু ঘাটে ইলিশ নেই, তার উপর বেশির ভাগ ইলিশ পুরনো। তারপরও ব্যবসায়ীরা দাম ছাড়ে না। ইলিশের দাম শুনে কিনার ইচ্ছেই চলে গেছে। এত দাম দিয়ে কিনার সামর্থ্য নেই।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
৮ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur