চাঁদপুরে বৈরি আবহাওয়া ও প্রবল বৃষ্টি উপেক্ষা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গণসমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় চাঁদপুর বায়তুল আমিন মসজিদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, ‘জুলাইয়ের প্রত্যাশা পূরণে ইসলামী শরিয়ার বিকল্প নেই। বৈষম্য দূরীকরণ, নারীর নিরাপত্তা ও সংখ্যালঘুদের শান্তি নিশ্চিত করতে ইসলামই একমাত্র পরীক্ষিত ব্যবস্থা।’
তিনি বলেন, দেশের মানুষ বারবার জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং অসংখ্য পরিবার স্বজন হারিয়েছে। এসব আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তবে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই ত্যাগ স্বীকার করা হয়েছে, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দফায় দফায় এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ বিলের অনিয়ম এবং মাদকের বিস্তারের কারণে দেশের সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বিশেষ করে মাদকাসক্তির কারণে কিশোর, ছাত্র ও যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ নুরউদ্দীন খান, সাবেক জেলা সহসভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, সাবেক জেলা সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদ সানী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, মুফতি আল-আমিন এবং সদর উপজেলা সভাপতি ডা. বেলাল হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
৫ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur