চাঁদপুরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এবং ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ ব্র্যান্ডিং খ্যাত এর নিদর্শন স্বরুপ ইলিশ চত্বরের সংস্কার কাজ শেষে স্থাপনাটির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড মোড়ে ইলিশ চত্বরের ফলক উম্মোচন করা হয়।
এরআগে বিকালে চাঁদপুর পৌরসভায় মনোরম পরিবেশে পৌরবাসীর সেবার মান বৃদ্ধি এবং দ্রুতসময়ে সেবা নিশ্চিতে পৌরসভা চত্বরে বৃক্ষরোপণ শেষে ফিতা কেটে এই প্রথম অভ্যর্থনা ও তথ্য কেন্দ্র, মহিলাদের নামাজে স্থান এবং বেস্ট ফিডিং সেন্টারের ফলক উম্মোচন করেন ডিসি মো. নাজমুল ইসলাম সরকার।
পরে বিভিন্ন সেবা স্থানের উদ্বোধন শেষে পৌরসভা সম্মেলন কক্ষে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন ডিসি।
ইলিশ চত্বরের ফলক উম্মোচন শেষে গণমাধ্যমকে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার জানান, চাঁদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং ইলিশের বাড়ি চাঁদপুর খ্যাত ব্র্যান্ডিং জেলা হিসেবে নিদর্শন স্বরুপ ইলিশ চত্বরকে আরো সুন্দর করতে আমরা বিশেষ পরিকল্পনার মাধ্যমে এর সংস্কার কাজ করেছি। নির্বাচন পূর্ব মুহূর্তে এ জেলার জন্যে নিঃসন্দেহে একটি চমৎকার কাজ হয়েছে। আমি আশাবাদী নির্বাচনে ভোট দিতে এসে অনেকেই এই নিদর্শনের সামনে দাঁড়িয়ে তাদের মনকে আরো ভালো করবে এবং এর চিহ্ন ক্যামেরা ফ্রেমে বন্দী করে নিয়ে যাবেন।
এছাড়াও তিনি পৌরসভায় মহিলাদের নামাজের স্থান ও বেস্ট ফিডিং সেন্টার এবং বৃক্ষরোপন কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।
এসময় পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা নূর আজম বিন শরীফ, উপ-সহকারি প্রকৌশলী (সিভিল) দিলীপ কুমার দে, উপ-সহকারী প্রকৌশলী মো. হিরণ মিয়া, প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম, শহর পরিকল্পনাবিদ সোহরাব হোসেনসহ পৌরসভা সকল স্তরের নেতৃবৃন্দ।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
৯ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur