চাঁদপুরে আল-কারিম হাউজিং লিমিটেড-এর বার্ষিক সাধারণ সভা

“আস্থা ও বিশ্বাসের প্রতীক” এই স্লোগানকে ধারণ করে পথচলা চাঁদপুরে সম্পূর্ণ শরিয়াহ মোতাবেক পরিচালিত বিনিয়োগের বিশ্বস্ত প্রতিষ্ঠান আল-কারিম হাউজিং লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং সেন্টারের বৈশাখী পার্টি হাউজে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের বিগত অর্থবছরের লভ্যাংশ, আগামী অর্থবছরের বাজেট পরিকল্পনা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আল-কারিম হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সুদভিত্তিক অর্থব্যবস্থার বিলোপ সাধন করে শরিয়াহভিত্তিক সুদ মুক্ত অর্থব্যবস্থা প্রবর্তন করা। ইসলামী অর্থনীতির মূলনীতি অনুসরণ করে মানুষের আর্থিক কল্যাণে একটি স্বচ্ছ ও নৈতিক বিনিয়োগ ব্যবস্থা গড়ে তোলা।

তিনি বলেন, আল-কারিম হাউজিং শুধু বিনিয়োগ কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ না থেকে শরিয়াহর নীতিমালা অনুসরণ করে সদস্যদের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে আজ থেকে ১৯ বছর আগ থেকেই পথ চলা শুরু করে। ব্যবসা জীবনের দীর্ঘ এক পথ চলায় আল কারিম হাউজিং লিমিটেড মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।ভবিষ্যতেও প্রতিষ্ঠানের কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি সদস্যদের স্বার্থ ও সমাজের মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আল-কারিম হাউজিং লিমিটেডের পরিচালক হাফেজ মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শরিয়াহ অ্যাডভাইজার মুফতি জাফর আহমেদ ও উপদেষ্টা মাওলানা নুরুল আমিন।

এছাড়াও উন্মুক্ত আলোচনায় সদস্যরা প্রতিষ্ঠানের কার্যক্রম, বিনিয়োগ ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নিজেদের মতামত ও অনুভূতি ব্যক্ত করেন। তারা প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যবান্ধব করার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন। সভায় বক্তারা শরিয়াহভিত্তিক অর্থব্যবস্থার গুরুত্ব তুলে ধরে বলেন, সুদমুক্ত ও নৈতিক বিনিয়োগব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের আর্থিক নিরাপত্তা ও সামাজিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

সাধারণ সভায় বিগত অর্থবছরের লভ্যাংশ ও আগামী অর্থবছরের বাজেট পরিকল্পনা সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। পাশাপাশি প্রত্যেক সদস্যের হাতে তাদের নিজ নিজ হিসাবের পার্সোনাল স্টেটমেন্ট প্রদান করা হয়।

এ সময় আল-কারিম হাউজিং লিমিটেডের পরিচালনা পরিষদ, শরিয়াহ বোর্ড ও উপদেষ্টা পরিষদসহ প্রায় ৭০ জন সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
৮ আগস্ট ২০২৬