চাঁদপুরে আবাহনীর গোলবন্যা, ৫-১ দাপুটে জয়
বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭-এর চাঁদপুর ভেন্যুতে ঐতিহ্যবাহী আবাহনী লিমিটেডের গতি ও আক্রমণের ঝড়ে তছনছ হয়ে গেল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। পুরো ম্যাচজুড়ে নিজেদের একচ্ছত্র দাপট বজায় রেখে ওয়ান্ডারার্সকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে আকাশী-নীল শিবিরের দলটি।
শনিবার (৩ অক্টোবর) চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় চাঁদপুর স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই ঐতিহ্যবাহী ক্লাব। বাঁশি বাজার পর থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় আবাহনী।
ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড অকাচির বুলেটগতির হেডে প্রথম গোল পেয়ে যায় আবাহনী (১-০)। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই প্রথমার্ধের ৬ মিনিটের মাথায় দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির পাকিস্তানি তারকা মঈন আহমেদ (২-০)। পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া ঢাকা ওয়ান্ডারার্স ম্যাচের ১৪ মিনিটে জাহিদ হোসেনের দর্শনীয় গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে। তবে ওয়ান্ডারার্সের সেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৪ মিনিটের মাথায় আবাহনীর খেলোয়াড়রা প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়লে ওয়ান্ডারার্সের রক্ষণভাগ ফাউল করে বসে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ঠাণ্ডা মাথার নিখুঁত শটে আবাহনীকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন তাদের আক্রমণভাগের তারকা। ৩-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ঢাকা আবাহনী।
দ্বিতীয়ার্ধেও আবাহনীর ধারালো আক্রমণের সামনে ওয়ান্ডারার্সের রক্ষণভাগকে বেশ দিশেহারা দেখায়। ম্যাচের ৭৫ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় ও দলের চার নম্বর গোলটি তুলে নেন নাইজেরিয়ান তারকা অকাচি (৪-১)। এরপর ম্যাচের নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ে (ইঞ্জুরি টাইম) আবাহনীর উদীয়মান ফরোয়ার্ড মুনাফ দারুণ এক ফিনিশিংয়ে গোল করে ঢাকা ওয়ান্ডারার্সের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন (৫-১)। শেষ পর্যন্ত ৫-১ গোলের বিশাল জয় নিয়ে বেশ উল্লাস নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।
চাঁদপুর স্টেডিয়ামের গ্যালারিতে আজ ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। চাঁদপুর ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই স্থানীয় দর্শকদের মাঝে ছড়িয়ে পড়েছে ফুটবলের নতুন উন্মাদনা। গ্যালারিভর্তি দর্শকের মুহুর্মুহু করতালি ও তীব্র উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় রোমাঞ্চকর এ ম্যাচটি।
এদিন ম্যাচে আবাহনীর অফিসিয়াল ছাড়াও ঢাকা ওয়ানডার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন, ফুটবল সম্পাদক মেজবাহ উদ্দিন মেজু,জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী,পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জয়নাল আবেদীন জনুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৩ অক্টোবর ২০২৬