চাঁদপুরে ৮ দিনে আটক ১৭ জেলে, ১৫ লাখ মি. জাল জব্দ

পদ্মা-মেঘনার মিলনস্থল চাঁদপুরের নদী এলাকায় জাটকা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত দুই মাসের নিষেধাজ্ঞা কার্যকর করতে জোরদার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার ঠেকাতে দিন-রাত টহল ও অভিযান পরিচালনা করছে চাঁদপুর সদর নৌ থানা পুলিশ।

এই অভিযানের অংশ হিসেবে গত ৮ দিনে চাঁদপুর সদর নৌ থানার অধীনে থাকা মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ১৪টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় নদীতে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং ১৪টি মাছ ধরার নৌকা আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় ধরা পড়া জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ও নিয়মিত মৎস্য আইনে মামলা করা হয়েছে। অভিযানে বেশ কয়েকজন জেলেকে আসামি করা হয়েছে।

চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম এস ইকবাল জানান, গত ৮ দিনে অভিযানে আটক জেলেদের মধ্যে ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। বাকি ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি বলেন, জাটকা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌ-পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। নদীতে অবৈধভাবে মাছ ধরার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই অভিযান পুরো নিষেধাজ্ঞা সময়জুড়েই অব্যাহত থাকবে।

উল্লেখ্য, জাটকা সংরক্ষণের লক্ষ্যে প্রতিবছরের মতো চলতি বছরও মার্চ ও এপ্রিল মাসে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনার প্রায় ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞা কার্যকরে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
১০ মার্চ ২০২৬