চাঁদপুরে অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে হবে

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত কার্যকরী কমিটি প্রধান পৃষ্ঠপোষক শেখ ফরিদ আহম্মেদ মানিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৮টায় শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে এ শুভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি চাই, অন্ততপক্ষে চাঁদপুরে আমরা সবাই মিলেমিশে কাজ করি। পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে চাঁদপুরকে আরও সুন্দর ও নিরাপদ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও সক্রিয় করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের টিমওয়ার্কের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানো গেলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

মাদক প্রসঙ্গে তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ বাড়ছে। তাই মাদক নির্মূলে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিংয়ের সদস্য এবং সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি স্পষ্টভাবে বলেন, মাদক নির্মূলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য বলেন, চাঁদপুরের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তোলাই সবার সম্মিলিত দায়িত্ব।

চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের নবগঠিত কমিটির সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, সহ-সভাপতি মনির চৌধুরী, অ্যাড. মনিরা বেগম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক পরেশ মালাকার, দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, প্রচার সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সাংস্কৃতিক সম্পাদক মাইন উদ্দিন লিটন ভূঁইয়া, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার রোজি, কার্যকরী সদস্য আক্তার হোসেন মাঝি, অ্যাড. হারুনুর রশিদ, অ্যাড. শাহজাহান খান, প্রফেসর হারুনুর রশিদ, শাহাদাৎ হোসেন শান্ত, ডা. মীর মুন্তাকিম হায়দার রুমি, মো. আলমগীর সরকার, আঃ রহিম পাটওয়ারী, মো. জাকির হোসেন, মাও. তোফায়েল আহমেদ, মো. সাইফুর রহমান গাজী।

স্টাফ রিপোর্টার/
২২ আগস্ট ২০২৬