চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

চাঁদপুরে নজরুল বর্ষ উপলক্ষে ১০ দিনবাপী নাট্যোৎসব ২০২৬ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, নাটক মানুষের কথা বলে, সমাজের কথা বলে। একটি ভালো নাটক মানুষের চিন্তা ও চেতনায় পরিবর্তন আনতে পারে। তাই আমাদের তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, নজরুল শুধু একজন কবি বা সাহিত্যিক নন, তিনি আমাদের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর সৃষ্টিকর্ম আমাদের সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে যাওয়ার পথ দেখায়। নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমাদের সন্তানদের শুধু লেখাপড়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ দিতে হবে। একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সংস্কৃতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজরুলের বিদ্রোহী চেতনা ও মানবিক দর্শনকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, চাঁদপুরের সাংস্কৃতিক ঐতিহ্য অনেক সমৃদ্ধ। এ জেলার শিল্পী, সাহিত্যিক, নাট্যকর্মী ও সাংস্কৃতিক সংগঠকদের অবদান দীর্ঘদিনের। এই ধারাকে আরও এগিয়ে নিতে প্রয়োজন নিয়মিত সাংস্কৃতিক চর্চা এবং নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ সৃষ্টি করা।

চাঁদপুর থিয়েটার ফোরামের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আর ইসলাম বাবুর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক, নাট্যকার ও নির্দেশক মইনুদ্দিন লিটন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী মনিরা বেগম চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, নাট্যকর্মী, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীরা।

স্টাফ রিপোর্টার/
২২ আগস্ট ২০২৬