চাঁদপুরের সংসদ সদস্য পরিবর্তনের আকাঙ্ক্ষায় কাজ করছেন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান নদীমাতৃক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল ৪টায় জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি তার বক্তব্যে বলেন, শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক কর্মীদের প্রাণকেন্দ্র। ৫ আগস্টের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এই অডিটোরিয়াম কীভাবে পুনর্গঠন করা যায়, তা দেখতে সংসদ সদস্যের আমন্ত্রণে তিনি চাঁদপুরে এসেছেন। চাঁদপুরের সংসদ সদস্য পরিবর্তনের আকাঙ্ক্ষায় কাজ করছেন এবং জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে জেলা প্রশাসকও অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছেন।

তিনি অনুষ্ঠানের আয়োজনের প্রশংসা করে বলেন, এখানে অতিথিদের নাম বারবার ঘোষণা করা হয়নি এবং মঞ্চেও অপ্রয়োজনীয়ভাবে অনেক আসন রাখা হয়নি। সবাই একটি দলের মতো কাজ করেছেন, যা তাঁর নজর কেড়েছে। এই মঞ্চের অনেক শিল্পীই ভবিষ্যতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

নদীমাতৃক বাংলাদেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নদী শুকিয়ে যাওয়ায় কৃষি ও পরিবেশ হুমকির মুখে পড়ছে, বাড়ছে লবণাক্ততার ঝুঁকি। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কৃষকরা প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত পানি পেয়ে উৎপাদন বাড়াতে পারেন।

তিনি আরো বলেন, মাদক ও নেশার ভয়াবহ বিস্তার আমাদের যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এ সংকট মোকাবিলায় সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিল্প-সংস্কৃতির প্রসারই তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল পথে এগিয়ে নিতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রধান অতিথি শুধু একজন প্রতিমন্ত্রী নন, তিনি সংস্কৃতিমনা ও শিল্প-সংস্কৃতির প্রতি নিবেদিতপ্রাণ একজন মানুষ। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে তাঁর প্রতি প্রধানমন্ত্রীর আস্থার ফলেই তিনি সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

তিনি আরো বলেন, চাঁদপুরে সাংস্কৃতিক চর্চার অন্যতম কেন্দ্র এই শিল্পকলা একাডেমি ২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের উপযোগী করা হলেও একাডেমিটিকে আগের রূপে ফিরিয়ে আনতে আরও সংস্কার প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রধান অতিথির মাধ্যমে পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক আলহাজ মোস্তফা মিয়া, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন জামিউল হিকমা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মো. মুনির চৌধুরী, সহ-সভাপতি ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মোশাররফ হোসাইন, অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে ঢাকা ও চাঁদপুরের শিল্পীদেন মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার/ ২০ জুন ২০২৬