চলতি মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৫ লাখ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী ৩ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে তিনি এ তথ্য জানান।
খাদ্য সংগ্রহ অভিযানের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, এবারের মৌসুমে প্রতি কেজি বোরো ধানের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে কেনা হবে। এছাড়া প্রতি কেজি গমের মূল্য ৪০ টাকা নির্ধারণ করেছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে এই সংগ্রহ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।
দেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতি নিয়ে তিনি জানান, বর্তমানে সরকারি গুদামগুলোতে ১৮ লাখ মেট্রিক টন চাল মজুদ রয়েছে। এই মজুদ সন্তোষজনক হওয়া সত্ত্বেও ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই নতুন সংগ্রহ অভিযান শুরু হচ্ছে।
যুক্তরাষ্ট্র থেকে সরকারি পর্যায়ে গম কেনার আলোচনা চলছে জানিয়ে তিনি আরও বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী সেখান থেকে কেনা সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur