চর্যাপদ সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ও লেখক সম্মাননা প্রদান
নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন-২০২৬। ৮ম বর্ষে পর্দাপণ উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি। শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টায় চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্তি সচিব এবং সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, প্রখ্যাত কবি ও গবেষক আমিনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরের সাহিত্য অঙ্গন অনেক শক্তিশালী। চর্যাপদের এবারের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা দেখে বুঝেছি কতটা নিখুতভাবে পুরস্কার প্রদান করা হয় এখানে।
তিনি আরও বলেন, সাধারণত আমাদের দেশের সাহিত্য অঙ্গনের মানুষগুলোর মধ্যে রাজনৈতিক বাড়াবাড়ির কারণে চর্চার জায়গাটা দিন দিন নিরস হয়ে পড়ছে। এই সংকট কাটিয়ে ওঠা জরুরি।
সম্মানিত অতিথির বক্তব্য দেন চাঁপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ এবং বিশেষ অতিথির বক্তব্য দেন বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চর্যাপদ সাহিত্য একাডেমির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি প্রতিষ্ঠানের পথচলার মাইলফলক নয়, এটি চাঁদপুরের সাহিত্য-সংস্কৃতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ অর্জন। দীর্ঘ সাত বছরে একাডেমি লেখক, কবি, গবেষক ও সংস্কৃতিকর্মীদের একত্রিত করে সাহিত্যচর্চার যে পরিবেশ সৃষ্টি করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজনদের সম্মাননা প্রদান একাডেমির মহৎ উদ্যোগেরই প্রতিফলন।
তিনি আরও বলেন, সাহিত্য ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয় ও মূল্যবোধের প্রধান ভিত্তি। যারা নীরবে সাহিত্যসাধনা করে সমাজকে সমৃদ্ধ করছেন, তাঁদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সম্মাননা শুধু গুণীজনদের অবদানকে মূল্যায়নই করে না, নতুন প্রজন্মকেও সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করে। তিনি চর্যাপদ সাহিত্য একাডেমির উত্তরোত্তর সাফল্য কামনা করে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও গুণীজন সম্মাননার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেশের ৬ বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২৫ ও ২০২৬। কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে এনায়েত রসুলের হাতে ২০২৫ এবং কবিতায় জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার ও নাটকে মোস্তফা কামাল যাত্রার হাতে ২০২৬-এর চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া নারী শিক্ষার উন্নয়ন ও সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হন ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাড. আলেয়া বেগম লাকী।
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে, মহাপরিচালক রফিকুজ্জামান রণির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উদযাপন আহ্বায়ক শিউলী মজুমদার।
শংসাপত্র পাঠ করেন জয়ন্তী ভৌমিক, আইরিন সুলতানা লিমা, কামরুন্নাহার বিউটি, পিএম বিল্লাল, মিজানুর রহমান স্বপন ও ঐশী ঘোষ। কবিতা আবৃত্তি করেন দিপান্বিতা দাস, নাজমুল ইসলাম, প্রাপ্তি এবং রাসেল ইব্রাহীম সহ অনেকে।
দিলীপ ঘোষের হাওয়াইন গিটার, বেলাল শেখের বাঁশি ও বাচিকশিল্পীদের আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১০ জুলাই ২০২৬