Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / গাজীপুর মুসলিম উবির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মুসলিম

গাজীপুর মুসলিম উবির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাসুম ইকবাল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুম ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সংস্পর্শে যেতে হবে এবং তাঁদের জীবনাদর্শ থেকে শিক্ষা নিতে হবে। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না; চরিত্র গঠন ও বহুমুখী প্রতিভার বিকাশও সমান গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, বর্তমান চাকরির বাজারে কেবল সনদ নয়, প্রার্থীর সৃজনশীলতা, নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা ও সাংগঠনিক অভিজ্ঞতার মূল্যায়ন করা হয়। এসব গুণাবলি অর্জনে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বিশেষ ভূমিকা রাখে।

সভাপতির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, “ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক দৃঢ়তা বৃদ্ধি করে। পাঠ্যপুস্তকের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলে।” তিনি বিদ্যালয়ে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং অভিভাবক-শিক্ষকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষানুরাগী সদস্য ও বিশিষ্ট শিল্পপতি বশির উল্ল্যাহ ভূঁইয়া এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য মমিন হোসেন।

বক্তারা বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রয়াসের প্রশংসা করেন।

দিনব্যাপী আয়োজনে ছিল স্কাউট ক্যাম্প, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত নৃত্য, গান ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ ফেব্রুয়ারি ২০২৬