আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলম বলেছেন, “গণঅভ্যুত্থানের আগে ও পরে দেশের মানুষ বাস্তবতা দেখেছে। তাই তারা এখন লাঙ্গল প্রতীকের প্রতিই আস্থা রাখছে।”
শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার রূপসা, পাইকপাড়া ও গুপ্টিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দাবি করেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল ছিল উন্নয়নমুখী সময়। বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছর এবং পরবর্তী সময়ের নানা অনিয়ম, সহিংসতা ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, সব দিক বিবেচনায় জাতীয় পার্টিই দেশের মানুষের জন্য বিকল্প শক্তি হিসেবে সামনে এসেছে।
মাহমুদ আলম আরও বলেন, “এ দেশের অনেক মানুষ এখনো মনে করেন, এরশাদের আমলেই তারা তুলনামূলক ভালো ছিলেন। সে সময় দেশে সুশাসন, উন্নয়ন ও স্থিতিশীলতা ছিল। তাই কথিত বড় দলগুলোর বাইরে গিয়ে মানুষ আবারও লাঙ্গল প্রতীককেই বেছে নেবে।”
তিনি বলেন, জাতীয় পার্টির প্রেসিডেন্ট জি. এম. কাদের ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় সফর করে জনগণের মধ্যে আশার সঞ্চার করছেন। “মানুষ আবারও একটি স্থিতিশীল ও স্বস্তির পরিবেশ চায়, যা জাতীয় পার্টিই দিতে পারে”— যোগ করেন তিনি।
গণসংযোগকালে উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, পৌর জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৭ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur