খেলাধুলার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে- এমপি মানিক

চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, অনেকদিন পর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই। দেশে ফুটবল খেলাটা অনেক পিছিয়ে গেছে। খেলাধুলার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

তিনি আরও বলেন, প্রত্যেক উপজেলার কাছে অনুরোধ, যেদিন আপনাদের খেলা হবে, সেদিন আপনাদের উপজেলা থেকে অন্তত ৫০০ জন করে দর্শক নিয়ে আসবেন। দর্শক না থাকলে খেলা জমে না। দর্শকদের যদি নিয়ে আসতে পারেন তাহলে এ খেলাটা জমে উঠবে এবং বাংলাদেশের মতো চাঁদপুরেও মাদকের বিস্তার কিছুটা হলেও কমে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী ম্যাচে অংশ নেয় মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা দল।

টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ক গ্রুপে মতলব দক্ষিণ ,ফরিদগঞ্জ, মতলব উত্তর ও চাঁদপুর সদর উপজেলা। খ গ্রুপে রয়েছে শাহারাস্তি, হাজীগঞ্জ ,কচুয়া ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৩ নভেম্বর ২০২৬