খাল দূষণের দায়ে দু’অটো রাইস মিলকে এক লাখ টাকা জরিমানা

চাঁদপুরে পরিবেশ দূষণ ও খাল ভরাটের অভিযোগে দু টি অটো রাইস মিলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের নতুন বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (গ) ধারা লঙ্ঘন করে পার্শ্ববর্তী নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধের গরম পানি ফেলে খাল দূষণ ও ভরাট করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুইটি অটো রাইস মিলকে দোষী সাব্যস্ত করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এর মধ্যে মেসার্স বিসমিল্লাহ অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা এবং মেসার্স নিউ পূবালী অটো রাইস মিলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় রাইস মিল কর্তৃপক্ষকে ডাকাতিয়া নদীতে অপসারণকৃত ধানের তুষ ও ছাই দ্রুত সরিয়ে নদীকে দূষণমুক্ত রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটরা।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও মো.রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তরে উপ-পরিচালক মো.মিজানুর রহমান জানান,খাল ও নদীতে শিল্প বর্জ্য, ধানের তুষ ও ছাই ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জলজ প্রাণী ও স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। পরিবেশ সুরক্ষা ও দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম
২৬ জুন ২০২৬
এ জি