খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আজম খানের উদ্যোগে দোয়া ও ইফতার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের সার্বিক তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬মার্চ) চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে আজম খানের বাসভবনে এই আয়োজন করা হয়।

চাঁদপুর পৌরসভার ১ থেকে ১০নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ইফতার মাহফিলে দলের নেতাকর্মীদের পাশাপাশি এলাকায় সুধীজন ও ধর্মপ্রাণ রোজাদার মুসল্লিরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান, জেলা জাসাসের সভাপতি এমদাদুল হক মিলন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রাশেদ জাহান তুষার, মৈশাদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবুল মৃধা কালু, পৌর বিএনপির সদস্য ও ১০ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিনসহ পৌর এবং সকল ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান দেশবাসী কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। দেশ ও মানুষের কল্যাণে বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর আদর্শ ধারণ করে গণমানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবো।

বক্তারা মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়া এই জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বলেন, রাজনৈতিক ভিন্নমত থাকলেও মানবিক ও জাতীয় প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। পবিত্র মাহে রমজানের শিক্ষা হচ্ছে আত্মসংযম, সহমর্মিতা ও মানবসেবা। তাই দলের নেতাকর্মীদের ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৬ মার্চ ২০২৬