Home / উপজেলা সংবাদ / কচুয়া / ক্ষমতায় গেলে কচুয়ায় মাদকের কবর রচনা হবে: আবু নছর আশরাফী
ক্ষমতায়

ক্ষমতায় গেলে কচুয়ায় মাদকের কবর রচনা হবে: আবু নছর আশরাফী

বাংলাদেশ জামায়াত ইসলামি ক্ষমতায় গেলে চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকের কবর রচনা করা হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী।

রোববার (৯ ফেব্রুয়ারি) কচুয়া আসনের উত্তরাঞ্চলীয় সর্বশেষ নির্বাচনী জনসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।মুহাদ্দিস আবু নছর আশরাফী বলেন, “আমরা ইনসাফভিত্তিক একটি সমাজ গঠন করতে চাই। কচুয়াকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এই জনপদে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দুর্নীতিবাজের স্থান হবে না।”

তিনি আরও বলেন, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ ও বৈষম্যহীন কচুয়া গড়তে জামায়াত ইসলামি কাজ করবে ইনশাআল্লাহ।

সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামি কচুয়া উপজেলা আমির অ্যাডভোকেট আবু তাহের মিসবাহ এর সভাপতিত্বে এবং ১নং সাচার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনির হোসাইন হেলালির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে মুফতি মুখলেসুর রহমান কাসেমী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামি চাঁদপুর জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, কচুয়া উপজেলা নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন,বাংলাদেশ নাগরিক পার্টির কচুয়া উপজেলার নেতা ডা. আরিফুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন ২নং পাথৈর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম প্রধান, ৩নং বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মাসুম বিল্লাহ মাদানি,বাংলাদেশ খেলাফত মজলিসের ১নং সাচার ইউনিয়ন এর সেক্রেটারি মূফতি মিজানুর রহমান নোমানী, সহ জামায়াত ও ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জনসমাবেশে বক্তারা কচুয়ায় সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ ফেব্রুয়ারি ২০২৬