ইরান: মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ৪ হাজার ভবন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে চার হাজারের বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে দেশটির রেড ক্রিসেন্ট প্রধান এই তথ্য জানিয়েছেন। শুক্রবার তিনি এই ক্ষতির পরিমাণ তুলে ধরেন।

পীর-হোসেন কলিভান্দ জানান,এখন পর্যন্ত ৩ হাজার ৬ শ ৪৬টি বাড়ি ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং ৫ শ ২৮টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

তিনি আরও জানান, বোমাবর্ষণের কারণে তিনটি হাসপাতাল সেবা দিতে ব্যর্থ হয়েছে এবং ১৪টি স্বাস্থ্যকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়ে আসছে। এসব হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং নিরাপত্তা কর্মকর্তাসহ শত শত মানুষ নিহত হয়েছেন। এর জবাবে তেহরানও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

আরব দেশগুলোতে মার্কিন স্বার্থ হিসেবে পরিচিত লক্ষ্যবস্তুতেও হামলা চালিয়েছে ইরান। এর ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বন্দর ও আবাসিক ভবনসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

৬ মার্চ ২০২৬
এ জি