সম্প্রতি দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের সংবাদ প্রকাশিত হওয়ার পর চাঁদপুরেও জেলা পরিষদের সম্ভাব্য প্রশাসক নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কে হচ্ছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক? এ প্রশ্ন এখন স্থানীয় রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।
রাজনৈতিক মহলে সম্ভাব্য প্রশাসক হিসেবে জেলা বিএনপির দুই বর্ষীয়ান নেতার নাম আলোচনায় উঠে এসেছে। তারা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম এবং জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন চৌধুরী।
জানা যায়, অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম দীর্ঘদিন ধরে চাঁদপুরের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পেশাগতভাবে একজন আইনজীবী হিসেবে তিনি আদালত পাড়াতেও সুপরিচিত। পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়।
অন্যদিকে ডা. মোবারক হোসেন চৌধুরী একজন চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। জেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে তিনি দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে আসছেন। চিকিৎসা সেবার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে তিনি সাধারণ মানুষের কাছেও পরিচিত মুখ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে এই দুই নেতার নাম সম্ভাব্য প্রশাসক হিসেবে আলোচনায় এসেছে।
প্রসঙ্গত, সম্প্রতি দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিভিন্ন জেলায় সম্ভাব্য প্রশাসক নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত প্রতিনিধির অনুপস্থিতি বা বিশেষ পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সরকার জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিতে পারে-এমন বিধান বিদ্যমান রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন গুলোর পূর্বে ইতোমধ্যে সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ৪২ জেলায় নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক।
এ প্রেক্ষাপটে চাঁদপুরেও সম্ভাব্য প্রশাসক নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা না আসায় বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরই চূড়ান্তভাবে জানা যাবে চাঁদপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব কার হাতে যাচ্ছে।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
১৫ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur