Home / সারাদেশ / কুমিল্লা চান্দিনায় হোটেলের দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লা চান্দিনায় হোটেলের দেয়াল ধসে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লার চান্দিনা উপজেলার বাগুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাগুর বাজারে একটি খাবার হোটেলের দেয়াল ধসে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুস সামাদ (৬৫)। তিনি দেবিদ্বার উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা এবং ওই হোটেলের মালিক মিজানুর রহমানের শ্বশুর বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে বাগুর বাজারে জামাতা মিজানুর রহমানের খাবার হোটেলে গিয়েছিলেন আব্দুস সামাদ। সকাল সাড়ে ৮টার দিকে তিনি হোটেলের ক্যাশ টেবিলে বসে ছিলেন। এসময় হঠাৎ হোটেলের একটি জরাজীর্ণ দেয়াল হুড়মুড় করে তার ওপর ধসে পড়ে। ইটের স্তূপ ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পরই বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে নিহতের নিজ গ্রাম দেবিদ্বারের শাকতলায় স্বজনদের কাছে পাঠিয়ে দেন।

ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক তদন্তে হোটেলের কাঠামো দুর্বল হওয়ার বিষয়টি উঠে এসেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। জরাজীর্ণ দেয়াল ধসে পড়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহতের পরিবার মৃতদেহ নিয়ে গেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০২ এপ্রিল ২০২৬