কুমিল্লায় ১৮ থানায় একযোগে অভিযানে আটক ৩৬৩
কুমিল্লায় কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে কুখ্যাত ‘রতন গ্রুপের’ প্রধান এবং আলোচিত শাহাদাত হত্যা মামলার প্রধান আসামিসহ মোট ৩৬৩ জনকে আটক করা হয়েছে।জেলার ১৮টি থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে একযোগে পরিচালিত এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।
গত শুক্রবার (০২ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকা এবং জেলার ১৮টি থানার সম্ভাব্য স্থানগুলোতে এই অভিযান চালানো হয়। পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠে থেকে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে অন্যতম প্রধান লক্ষ্য ছিলেন ২০২২ সালে কুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপের’ সংঘর্ষে নিহত শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি ও রতন গ্রুপের প্রধান রতন। তার বিরুদ্ধে শাহাদাত হত্যা ছাড়াও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।
অভিযান সম্পর্কে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “উঠতি বয়সী কিশোররা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যেই জেলা পুলিশ নিয়মিত এই বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। কোনো নিরপরাধ সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমাদের কঠোর মনিটরিং রয়েছে। কিশোর অপরাধ দমনে জেলা পুলিশ সম্পূর্ণ বদ্ধপরিকর।”
পুলিশ জানিয়েছে, আটককৃত ৩৬৩ জনের বিরুদ্ধে অপরাধমূলক সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
০৩ অক্টোবর ২০২৬