কুমিল্লায় পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কুমিল্লার পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রগুলোতে ঢল নেমেছে পর্যটকদের। ঈদের দিন বিকেল থেকে শুরু করে গতকাল বিকেলেও কোটবাড়ির শালবন বিহার থেকে শুরু করে গোমতী তীরের বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঈদকে কেন্দ্র করে কুমিল্লার কোটবাড়ির শালবন বিহার, ময়নামতি প্রত্নতাত্ত্বিক জাদুঘর, ময়নামতি ওয়ার সিমেট্রি, নগরীর ধর্মসাগর পাড় কিংবা গোমতী নদী কেন্দ্রিক গড়ে ওঠা বিনোদন কেন্দ্র, সবখানেই এখন তিল ধারণের ঠাঁই নেই। ঈদের দিন বিকেলে থেকে পর্যটকদের পদচারণায় মুখরিত এখন কুমিল্লার ঐতিহাসিক স্থান ও বিনোদন কেন্দ্রগুলো। জেলার গণ্ডি পেরিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা ভিড় জমাচ্ছেন এখানে।

পর্যটকদের অভিযোগ রয়েছে ভ্রমণ পিপাসুদের কাঙ্খিতস্থান কোটবাড়ির শালবন বিহার, যাদুঘর, বৌদ্ধ বিহার সহ জেলার উন্মুক্ত পর্যটন কেন্দ্র গুলোতে নেই পয়নিস্কাশন কিংবা সুপেয় পানির ব্যবস্থা, নেই কোনো বিশ্রাম নেয়ার স্থান। এসব পর্যটন স্পটগুলোতে দর্শনার্থীদের জন্যে নাগরিক সুযোগ সুবিধার সীমাবদ্ধতা ছাপিয়েও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সবার মাঝে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে এই পর্যটন স্পটগুলো।

টুরিস্ট পুলিশ, কুমিল্লা জোনের উপ-পরিদর্শক রাজিয়া সুলতানা জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্ছিদ্র ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বিশেষ করে দর্শনীয় স্থানগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত টুরিস্ট পুলিশ।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৪ মার্চ ২০২৬