কুমিল্লায় ৫০০ শয্যা বিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন ও আর্মি মেডিকেল কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন এলাকায় স্থাপিত প্রতিষ্ঠান দুটির উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আর্মি মেডিকেল কলেজ এবং নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
কুমিল্লা সেনানিবাসের এরিয়া সদর দপ্তর কর্তৃক প্রদত্ত ৫ একর জমির উপর নিজস্ব জায়গায় কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ এর একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৫ সালের ১১ জানুয়ারি।
আজ সেনাবাহিনী প্রধানের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে কুমিল্লা সেনানিবাসের সন্নিকটে ৭.০৭ একর জমির উপর সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে নির্মিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু হলো।
এসময় সেনা প্রধান বলেন- দেশের চিকিৎসা সেবার মানোন্নয়ন ও চিকিৎসা খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বর্তমানে এ কলেজে ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন এবং প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৬টি ব্যাচ থেকে মোট ২৮৩ জন শিক্ষার্থী সাফল্যের সাথে চিকিৎসক হিসেবে উত্তীর্ণ হয়ে দেশ ও বিদেশে কর্মরত রয়েছেন। এছাড়াও, আগামী শিক্ষাবর্ষ থেকে কলেজটির স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষার পরিধি আন্তর্জাতিক অঙ্গনে আরও সম্প্রসারিত করবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল; ডাইরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস; ইঞ্জিনিয়ার ইন চীফ; এ্যাডজুটেন্ট জেনারেল; জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ব্যক্তিবর্গ ও অধ্যয়নরত শিক্ষার্থীগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১৫ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur