কুমিল্লায় আরও ২৭ জন হামে আক্রান্ত, এক শিশুর মৃত্যু
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৫ মাস বয়সী এক শিশু। এ নিয়ে জেলায় চলতি বছরে হাম ও হামের উপসর্গে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ জনে।
আজ বুধবার ভোরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশু রাব্বি। সে সদর দক্ষিণ উপজেলার কাউছার আহমেদের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, গত ৯ মে নিউমোনিয়া নিয়ে ভর্তি হওয়ার পর রাব্বির শরীরে হামের উপসর্গ দেখা দেয় এবং আজ ভোরে তার মৃত্যু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে (১২ মে পর্যন্ত), ২০২৬ সালে এ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৫২৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ১০২ জনের শরীরে সংক্রমণের নিশ্চিত প্রমাণ মিলেছে।
এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১০৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬২ জন।
হামের সংক্রমণ রোধে শিশুদের দ্রুত টিকা দেওয়া এবং উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
-জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৩ মে ২০২৬