কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হাসনাত আবদুল্লাহ
কুমিল্লার দেবিদ্বারে ভয়বহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খাইয়ার গ্রামের মীর্জা বাড়িতে অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে ছুঁটে যান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) হাসনাত আবদুল্লাহ।
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের মীর্জা বাড়িতে জাহাঙ্গীর আলমের বসত ঘরে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। এতে দুটি ঘর ও ঘরের ভেতরে থাকা আসবাব পুড়ে যায়। রাত ১২টার দিকে সেখানে ছুটে যান এমপি হাসনাত।
স্থানীয় বাসিন্দারা জানান, ‘হঠাৎ ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখে আমরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। তবে আগুনের তীব্রতা খুব বেশি থাকায় ঘরের ভেতরের আসবাব, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে গিয়ে বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি। আপনারা আগামীকাল থেকে ঘর নির্মাণের কাজ শুরু করেন। আমি ইউএনও মহোদয়ের সঙ্গে কথা বলে কীভাবে আপনাদের সহযোগিতা করা যায়, তা করব ইনশা আল্লাহ।’
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৫ ফেব্রুয়ারি ২০২৬