কুমিল্লা জেলায় আশঙ্কাজনক হারে হামের প্রকোপ বাড়ছে এবং ইতোমধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত তিন শিশুর মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে বর্তমানে ২১ জন শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যার বড় অংশই কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি।
কুমেক হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ জানান, গত ১৮ মার্চ থেকে এ পর্যন্ত ২৫ জন শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে, যাদের অধিকাংশেরই নিয়মিত টিকাদান সম্পন্ন ছিল না। ৫০০ শয্যার এই হাসপাতালে বর্তমানে ধারণক্ষমতার দ্বিগুণ রোগী থাকায় অনেক আক্রান্ত শিশুকে ফ্লোরে থেকে কষ্টসাধ্য চিকিৎসা নিতে হচ্ছে।
কুমেক পরিচালক ডা. মাসুদ পারভেজ জানান, হাসপাতালে পর্যাপ্ত হামের টিকা (ভ্যাকসিন) মজুদ রয়েছে এবং নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিশেষভাবে সতর্ক থাকার এবং আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, হাম থেকে শিশুদের নিউমোনিয়া, লিভার বা কিডনির জটিলতাসহ মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে। বর্তমানে চিকিৎসাধীন শিশুদের মধ্যে উল্লেখযোগ্য হলো সুবর্ণা (৭ মাস), রাইয়ান (৪ মাস), ফাইয়াজ (৮ মাস), সাফওয়ান (৬ মাস) এবং ওসামা (৫ বছর)।
চিকিৎসকদের মতে, শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনা এবং জ্বরের সাথে শরীরে লালচে দানা দেখা দিলেই দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সম্মিলিতভাবে কাজ করছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল/
৩১ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur