কুমিল্লা নগরীতে মোটরসাইকেলের জ্বালানি তেল সংগ্রহ করা এখন সাধারণ চালকদের কাছে এক দুঃসহ ‘যুদ্ধে’ পরিণত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল থেকেই শহরের পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে তেলের জন্য মোটরসাইকেলের কিলোমিটার ছাড়ানো দীর্ঘ সারি। সরবরাহের অনিশ্চয়তা আর প্রচণ্ড ভিড়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।
সরেজমিনে বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, তেলের জন্য এক থেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না অনেকে। আবার কোনো কোনো পাম্পে তেল মিললেও চাহিদার তুলনায় দেওয়া হচ্ছে খুবই সামান্য। এতে করে অফিসগামী যাত্রী, ব্যবসায়ী ও জরুরি কাজে বের হওয়া চালকদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি বাড়ছে তীব্র মানসিক চাপ।
ভুক্তভোগী এক চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকালে বের হয়ে তেলের লাইনে দাঁড়িয়েই দিনের অর্ধেক সময় চলে যাচ্ছে। তেল নিতে এসে মনে হয় যেন যুদ্ধ করছি। এভাবে চললে আমাদের স্বাভাবিক কাজ-কাম বন্ধ হয়ে যাবে।”
পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে তেলের সরবরাহ কমে যাওয়ায় তারা চাহিদা অনুযায়ী জ্বালানি দিতে পারছেন না। ফলে বাধ্য হয়েই সীমিত পরিমাণে তেল বিক্রি করতে হচ্ছে, যা দীর্ঘ লাইনের প্রধান কারণ।
বিশেষজ্ঞরা বলছেন, নগর পরিবহনে মোটরসাইকেলের ওপর নির্ভরতা বাড়লেও সেই তুলনায় জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা উন্নত হয়নি। দ্রুত এই সংকটের সমাধান না হলে কুমিল্লার পরিবহন ব্যবস্থা ও জনজীবনে এর নেতিবাচক প্রভাব আরও প্রকট হবে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ০১ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur