কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে কুমিল্লার ১০ বিজিবি জেলার সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির আওতাধীন লক্ষীপুর পোষ্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এ অভিযানে সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলের ডেপা নামক স্থানে মালিক বিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং কিং কোবরা বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
১০ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, মালিকবিহীন অবস্থায় কোটি টাকার মোবাইল ডিসপ্লে এবং আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/
২ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur