কচুয়া বাজারে খাজনা ও পরিবহন টোল বন্ধ সিদ্ধান্ত, প্রশংসায় ভাসছেন শিক্ষামন্ত্রী

চাঁদপুরের কচুয়া বাজারে দীর্ঘদিন ধরে চালু থাকা খাজনা আদায় এবং সকল ধরনের পরিবহনে টোল ব্যবস্থা বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের মাঝে। এ সিদ্ধান্তকে ঘিরে ব্যাপক প্রশংসায় ভাসছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া বাজারে প্রতিদিন বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের কাছ থেকে খাজনা এবং যানবাহন থেকে টোল আদায় করা হতো। এতে ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছিল এবং পরিবহন খরচও বেড়ে যাচ্ছিল। বিষয়টি দীর্ঘদিন ধরে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এই খাজনা ও টোল ব্যবস্থা স¤পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হলে বাজারে স্বস্তির পরিবেশ ফিরে আসে।

ব্যবসায়ীরা জানান, এখন তারা অনেকটা নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারছেন। একইভাবে পরিবহন চালকরাও অতিরিক্ত টোলের চাপ থেকে মুক্তি পেয়েছেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ শিক্ষামন্ত্রীর এই উদ্যোগকে সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।

তারা বলেন, এর ফলে বাজারে পণ্যের দামও কিছুটা স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। এ বিষয়ে এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কচুয়া উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

-জিসান আহমেদ নান্নু, ১৭ এপ্রিল ২০২৬