কচুয়া বাইছারা সপ্রাবির অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা
কচুয়া উপজেলার ১৫নং বাইছারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, হাজারো মানুষ গড়ার কারিগর মোঃ আব্দুল মান্নান কে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। দীর্ঘদিন শিক্ষকতা জীবনে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের গড়ে তুলতে ভূমিকা রাখায় বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক বি এম ছফি উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার লাকসাম নবাব ফয়েজুননেছা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মাহফুজুর রহমান ভূঁইয়া।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, হাজীগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুল বাসার সরকার, বিশিষ্ট সমাজসেবক মিজান সরকার, ইউপি সদস্য মোঃ রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য মোঃ কবির হোসেন সিকদার, বিতারা ইউনিয়ন পূর্ব যুবদলের সাধারণ স¤পাদক মোঃ জাকির হোসেন মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান চৌধুরী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ বশির হাসান সরকারসহ আরও অনেকে। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং অবসরজীবনে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৬ অক্টোবর ২০২৬