চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের চাংপুর শিমুলতলী হতে বিতারা-বাইছারা পর্যন্ত দীর্ঘদিনের ভাঙা ও বেহাল সড়কটি অবশেষে সংস্কার করা হয়েছে। বিতারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মো. ইসমাইল হোসেন মোল্লার নিজস্ব অর্থায়নে এই সংস্কার কাজ সম্পন্ন হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদামাটিতে একাকার হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। জনগণের এই দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন সমাজসেবক আলহাজ মো. ইসমাইল হোসেন মোল্লা।
গত মঙ্গলবার ও বুধবার টানা দুদিন ধরে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ইট, খোঁয়া এবং বালু দিয়ে সড়কটির বিভিন্ন মারাত্মক ক্ষতিগ্রস্ত ও ভাঙা অংশ মেরামত করা হয়। বর্তমানে সড়কটি পুরোপুরি যানবাহন ও পথচারী চলাচলের উপযোগী হয়ে উঠেছে। সড়কটি সংস্কার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং চালকদের মাঝে।
সিএনজি ও অটো রিকশা চালকরা জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তায় গাড়ি চালাতে গিয়ে তাদের নানা দুর্ঘটনার শিকার হতে হতো এবং গাড়ির ক্ষতি হতো। রাস্তাটি মেরামত করায় এখন তারা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।
আলহাজ মো. ইসমাইল হোসেন মোল্লার এই জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ ও স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ। স্থানীয়রা জানান, সরকারি বরাদ্দের আশা না করে জনস্বার্থে তাঁর এমন মানবিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সত্যিই প্রশংসনীয়। ইসমাইল হোসেন মোল্লা এর আগেও তিনি বাজারের ব্যবসায়ীদের সহযোগীতায় বিতারা বাজার সংলগ্ন বড় ব্রীজটি সংষ্কার করে দেন। এ বিষয়ে আলহাজ মো. ইসমাইল হোসেন মোল্লা বলেন, “জনগণের দুর্ভোগ দেখে আমি স্থির থাকতে পারিনি। এই এলাকার সন্তান হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। ভবিষ্যতেও বিতারা ইউনিয়নের মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে আমি এভাবে কাজ করে যেতে চাই।”
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৫ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur