Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সাচার-রাগদৈল সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি
সড়কের

কচুয়ায় সাচার-রাগদৈল সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার-রাগদৈল প্রায় ৪ কিলোমিটার সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশ সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়দের অভিযোগ, যেন এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারে দেখার যেন কেউ নেই।

জানা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ২০ গ্রামের মানুষ কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও উপজেলা সদরে যাতায়াত করেন। এছাড়া মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন নিয়মিত চলাচল করে। কিন্তু সড়কের নাজুক অবস্থার কারণে চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা জানান, প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। অনেকেই আহত হচ্ছেন এবং যানবাহনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো উন্নয়নকাজ শুরু হয়নি।ভুক্তভোগী এলাকাবাসী বলেন, এই সড়কটি দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটি পাকাকরণ ও সংস্কারের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে কচুয়া উপজেলা প্রকৌশলী আবদুল আলীম লিটন বলেন, “সাচার-রাগদৈল সড়কটির বিষয়টি আমাদের নজরে রয়েছে। গুরুত্বের ভিত্তিতে দ্রুত সড়কটি পাকাকরণের কার্যক্রম গ্রহণ করা হবে।”এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই আশ্বাস দ্রুত বাস্তবায়িত হবে এবং সড়কটির সংস্কার কাজ শুরু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসানের পাশাপাশি দুর্ঘটনার হারও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৫ জুলাই ২০২৬