Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় স্কুলের নির্মাণ সামগ্রী লুটের চেষ্টা, দপ্তরীকে হামলা ও মারধর

কচুয়ায় স্কুলের নির্মাণ সামগ্রী লুটের চেষ্টা, দপ্তরীকে হামলা ও মারধর

চাঁদপুরের কচুয়া উপজেলার ১৩নং পাথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলায় প্রধান শিক্ষকের নতুন নির্মাণাধীন কক্ষের কাজে ব্যবহৃত মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় বাধা দেয়ায় ওই বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী তাজুল ইসলামের ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় সংলগ্ন উত্তর পাশে রাস্তায় এ হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিদ্যালয়ের কাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।


স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাথৈর সরকারি পাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের দ্বিতল বিশিষ্ট ভবনে প্রধান শিক্ষকের জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে একটি রুম বরাদ্দ হয়। যাহা কয়েকদিন ধরে ঠিকাদার নির্মাণ কাজ শুরু করেন। ওই কাজের ভাঙ্গা কোসা-ইটা প¦ার্শবর্তী বাড়ির আইয়ুব আলীর ছেলে আকিব নিয়ে যায়। বিষয়টি প্রধান শিক্ষক রোকেয়া নাসরীন জানতে পেরে মঙ্গলবার আকিবকে জিজ্ঞাসাবাদ করলে প্রধান শিক্ষকের সাথে সে অশালীন আচরন করে। এ সময় দায়িত্বরত দপ্তরী কাম প্রহরী তাদের বাধা দিলে হামলাকারীরা তার ওপর চড়াও হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে এবং শিক্ষার্থীদের মাঝ আতঙ্ক দেখা দেয়।


আহত দপ্তরী কাম প্রহরী মো: তাজুল ইসলাম জানান, তিনি দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবেশি আকিব ও তার পরিবারের হাতে হামলার শিকার হয়েছেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত তাজুল ইসলামকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় এলাকাবাসী তাজুল ইসলামের উপর হামলার জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

৭ এপ্রিল ২০২৬