Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় সাড়ে তিন বছরেও শেষ হয়নি সড়ক পাকাকরণের কাজ

কচুয়ায় সাড়ে তিন বছরেও শেষ হয়নি সড়ক পাকাকরণের কাজ

চাঁদপুরের কচুয়ায় স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সহায়তায় বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাতাপুকুরিয়া-উত্তর শিবপুর-নারায়নপুর জিসি সড়কের সংস্কার কাজে ব্যপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিম্নমানের ইট, খোয়া ও সামগ্রীসহ নানান অনিয়মের মধ্য দিয়ে রাস্তা সংস্কারে স্থায়িত্ব নিয়ে আশংকা করছে এলাকাবাসী। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে।


জানা যায়, কচুয়া-সাচার-গৌরীপুর-ঢাকা আঞ্চলিক সড়কের সংযোগ সড়ক কচুয়ার বাতাপুকুরিয়া-উত্তর শিবপুর-নারায়নপুর জিসি সড়ক। এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। খানাখন্দে দীর্ঘ ভোগান্তির পর ৬.৭০৫ মিটার সড়কের সংস্কার কাজের জন্য (প্যাকেজ) কোটি টাকা বরাদ্দ দেয় এলজিইডি বিভাগ। মেসার্স এস আর কনস্ট্রাকশন সামস ইঞ্জিনিয়ারিং (জভি) ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটির দায়িত্ব পান শিডিউল অনুযায়ী ২০২৩ সালে কাজ শুরু করে ২০২৪ সালের মধ্যে শেষ করতে বলা হয় ঠিকাদারকে। কিন্তু বিলম্ভে কাজ শুরু করে ধীরগতিতে কাজ করছেন। ফলে এলাকাবাসী, চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে রয়েছে।


এদিকে সিডিউল মোতাবেক সড়কের কাজ ১৪ ফুট করার কথা। কিন্ত কাজ করছে ১২ ফুট প্রস্তে। সড়কের গার্ডওয়াল নির্মানে ব্যাপক অনিয়ম করা হয়েছে,যার ফলে সড়কের মাটি ধসে যাওয়ার শঙকা রয়েছে। সড়কে নিম্নমানের ইট ও খোয়া দিয়ে কাজ করা হচ্ছে। পুরনো রাস্তার পিচ সঠিক ভাবে না উঠিয়ে বালি না দিয়ে নিন্ম মানের ইটা ও ইটার ডাস্ট বা গুড়া দিয়ে রোলার দিয়ে কাজ করছে। এতে করে রাস্তা সংস্কারের কিছুদিন না যেতেই ভেঙে যাওয়া বা গর্ত সৃষ্টির আশংকা রয়েছে।


স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাস্তাটি আমাদের জনগুরুত্বপূর্ণ। দীর্ঘ ৪-৫ বছর ধরে রাস্তাটি খানাখন্দে ভরপুর ছিল। এ রাস্তাদিয়ে চলতে গিয়ে চরম ভোগান্তি ভোগ করতে হয়েছে । সাড়ে ৩ বছর যাবৎ ধীরগতিতে সড়কটির কাজ করছে ঠিকাদার। এতে ২০ গ্রামের হাজারো বাসিন্দা, ব্যবসায়ী,শিক্ষার্থীদের চরম ভোগান্তি হচ্ছে।

এ বিষয়ে জানতে ঠিকাদারের মুঠোফোনে ফোন দেয়ার পর রিসিভ না করায় বক্তব্য নেয়া যায়নি।


কচুয়া উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন বলেন, সড়কের সংস্কার কাজে ধীরগতির কারণে মানুষের ভোগান্তি হচ্ছে। দ্রুত গতিতে কাজ করতে ঠিকাদারকে বারবার বলা হচ্ছে। রাস্তার ইটার বিষয়ে বলেন ল্যাবের মাধ্যমে ইটের মান যাচাই করা হচ্ছে।


প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

১১ মে ২০২৬