কচুয়ায় সালাউদ্দিনের কৃত্রিম পা লাগাতে সহযোগিতা চান অসহায় পরিবার

কচুয়া উপজেলার কুটিয়া-লক্ষীপুর গ্রামে অভাবের সংসারে মামার বাড়িতেই বাবা মা হারিয়ে বেড়ে ওঠা চালক সালাউদ্দিনের (৪০)। গত বছরের রমজানের ঈদের দিন দুপুরে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে বাম পা হারান চালক সালাউদ্দিন। দীর্ঘ ৩ মাসেরও বেশি ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন তিনি। ডা. তার বাম পায়ের উপরের অংশ কেটে ফেলেন। বর্তমানে এক পা হারিয়ে সালাউদ্দিন ক্রাচের মাধ্যমে ভর করে কোনরকম হাটাচলা করছেন। অভাবের সংসারে পা হারিয়ে চার সন্তান নিয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন তিনি।

জানা গেছে, কচুয়ার কুটিয়া-লক্ষীপুর গ্রামের বাসিন্দা মো: সালাউদ্দিন একসময় কচুয়া-সাচার-ঢাকা সড়কে সুরমা পরিবহনে কাজ করলেও পরবর্তীতে তিনি ঢাকা-গোপালগঞ্জ-বরিশাল সড়কে আল-আমিন পরিবহনে বাস চালাতেন। গত বছরের রমজানের ঈদের দিন বরিশাল থেকে আল-আমিন পরিবহন নিয়ে ঢাকায় রওনা হলে পথিমধ্যে গোপালগঞ্জ জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার বৈশাখি হোটেলের সামনে পৌছলে বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসার প্রায় ২০দিন পর তার বাম পা কেটে ফেলা হয়। বর্তমানে তিনি প্রচন্ড ব্যাথা যন্ত্রনায় ভুগছেন। একদিকে অভাবের সংসারে কষ্ট, অন্যদিকে ছেলে সন্তানদের মুখে হাসি ফুটাতে পারছেন না তিনি। তবুও তার অবুঝ সন্তানদের মুখে হাঁসি ফুটাতে অবিরাম স্বপ্ন দেখে যাচ্ছেন সালাউদ্দিন। তিনি বলেন বাবা-মা হারিয়েছি। বর্তমানে চার অবুঝ সন্তানই আমার বেচেঁ থাকার শেষ অবলম্বন। আমি বাঁচতে চাই। আমাকে একটু সহযোগিতা করে বাচাঁন। আমার একটি কৃত্রিম পা হলে আমি কাজ কর্ম করে অভাবের সংসারের হাল ধরতে পারবো।


স্থানীয় করইশ গ্রামের বাসিন্দা ও উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান প্রধান বলেন, সালাউদ্দিন একজন দক্ষ ও সাহসী বাস চালক ছিলেন। বর্তমানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তার বাম পা কেটে ফেলা হয়েছে। খুবই অভাবের সংসার। বর্তমানে একবেলা খেলে আরেক বেলা না খেয়ে থাকতে হয় তাকে। আগে প্রায় ১০ লক্ষ টাকা বিভিন্ন সাহায্য সহযোগিতা নিয়ে চিকিৎসা নিয়েছেন। এখন একটি কৃত্রিম পা লাগাতে প্রায় ২ লক্ষ টাকা প্রয়োজন। সমাজের বৃত্তবানসহ সকলের সহযোগিতা করলে বাস চালক সালাউদ্দিনের পরিবার বেচেঁ যেতে পারে। তাই সবাইকে বাস চালক সালাউদ্দিনের পাশে থাকার অনুরোধ জানাই।

এদিকে কোনো সু-হৃদয়বান ব্যাক্তি বাস চালক সালাউদ্দিনকে সহযোগিতা করতে চাইলে তার ০১৮২৫-৬২০২২৭ নগদ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন তার অসহায় পরিবার।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

৮ এপ্রিল ২০২৬