কচুয়ায় মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কচুয়াকে মাদকমুক্ত করতে প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না এবং মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় কচুয়া উপজেলা উপজেলা পরিষদ হলরুমে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, কচুয়ায় মাদকের বিস্তার রোধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। তিনি জানান, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় করা হয়েছে এবং কোনো প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীকেও ছাড় দেওয়া হবে না।
কিশোর গ্যাং নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সন্ধ্যার পর অহেতুক ঘোরাফেরা করা কিশোরদের চিহ্নিত করে তাদের কাউন্সিলিং ও মোটিভেশনাল ব্রিফিং দেওয়া হচ্ছে। কিশোরদের আড্ডাবাজি পরিহার করে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে, যাতে নতুন প্রজন্ম সঠিক পথে এগিয়ে যেতে পারে।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৭ ফেব্রুয়ারি ২০২৬