Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মনপুরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার
ক্ষতিগ্রস্ত

কচুয়ায় মনপুরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহার

চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহার মজুমদার।

মঙ্গলবার বিকেলে তিনি মনপুরা গ্রামের জিন্নত আলী ডাক্তার বাড়িতে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কামাল হোসেন এবং তার ভাড়াটিয়া হাফেজ মাওলানা সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। ভয়াবহ অগ্নিকান্ডে তাদের বসতঘর ও মালামাল পুড়ে যাওয়ায় তিনি পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পরিদর্শনকালে আব্দুল কাহার মজুমদার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

তিনি বলেন, অগ্নিকান্ডের মতো আকস্মিক ঘটনায় একটি পরিবার মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবার দুর্দশা লাঘবে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন।

এ সময় বিএনপি নেতা গোলাম কিবরিয়া, যুবদল নেতা জালাল হোসেন, ছাত্রদল নেতা নাইমুল ইসলামসহ স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

উল্লেখ্য, গত রবিবার বিকেল পৌনে ৪টার দিকে মনপুরা গ্রামের জিন্নত আলী ডাক্তার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কামাল হোসেন ও তার ভাড়াটিয়া হাফেজ মাওলানা সাইফুল ইসলামের ঘর পুড়ে যায়। অগ্নিকান্ডে ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২২ সেপ্টেম্বর ২০২৬